ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উদ্ধৃতি দিয়ে ‘বাসাবাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট-ফ্যান ব্যবহার করা যাবে না’ মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবাদকে সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রুহুল কবির রিজভী এই ধরনের কোনো বক্তব্য বা নির্দেশনা দেননি।
রোববার (৫ এপ্রিল) বিএনপির সহ-দফতর সম্পাদক মো. মুনির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটা স্পষ্ট করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুচক্রী মহল ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে রিজভীর নামে এই উদ্ভট ও মনগড়া বক্তব্য প্রচার করছে। প্রচারিত তথ্যে দাবি করা হয়েছিল-বাসাবাড়িতে অকারণে বিদ্যুৎ ব্যবহার করলে তা তদারকি করবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। বিএনপি সাফ জানিয়ে দিয়েছে, এই দাবির কোনো ভিত্তি নেই।
বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী নিজেই দেশবাসী ও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বক্তব্যে কেউ যেন কান না দেন। একই সাথে অপপ্রচার রুখতে এবং কুচক্রী মহলের ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। মূলত রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে রিজভীর নাম ব্যবহার করে এই ডিজিটাল অপপ্রচার চালানো হচ্ছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।