Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ২১:১৩

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ মার্চ) এক শোকবার্তায় তিনি এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর সই করা শোকবার্তাটি গণমাধ্যমকর্মীদের হাতে এসেছে।

বার্তায় জানানো হয়, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর পরই প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন এবং উদ্ধার তৎপরতা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

বিজ্ঞাপন

শোকবার্তায় তারেক রহমান বলেছেন, ‘অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।’ প্রধানমন্ত্রী তার বিবৃতিতে হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি আরও বলেন, ‘এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত তদন্ত সম্পন্ন করতে হবে এবং তদন্তে যদি কারও অবহেলা বা দোষ প্রমাণিত হয়, তবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

বিবৃতিতে জানানো হয়েছে যে, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় সবধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমের ওপর নিবিড় নজর রাখছেন।

উল্লেখ্য, এদিন দুপুরে কদমতলী চৌরাস্তাসংলগ্ন আল বারাকা হাসপাতালের পাশের একটি গ্যাসলাইটার কারখানায় আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া, আহত হয়েছেন বেশ কয়েকজন।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর