ঢাকা: বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। একইসঙ্গে বাণিজ্য, শিক্ষা ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছে দেশটি।
বুধবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদের এক সৌজন্য সাক্ষাৎকারে এসব বিষয় উঠে আসে। বৈঠকে হাইকমিশনার প্রতিমন্ত্রীকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে হাইকমিশনার মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশি শ্রমশক্তিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান। তিনি মালদ্বীপে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করতে হাইকমিশনারকে অনুরোধ জানান। জবাবে হাইকমিশনার জানান, বিশেষ করে স্বাস্থ্য খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে মালদ্বীপ অত্যন্ত আগ্রহী।
দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধি দলের পারস্পরিক সফর ও সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেন শামা ওবায়েদ ইসলাম। গত ১২ মার্চ থেকে মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা ‘মালদিভিয়ান’-এর মালে-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়াকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানান তিনি। উভয়পক্ষই মনে করে, দুই দেশের মধ্যে বিদ্যমান বিপুল অনাবিষ্কৃত বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগানোর এখনই সময়।
আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ছাড়া, সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আঞ্চলিক সহযোগিতা জোরদারে দুই দেশই একমত পোষণ করে।
সৌজন্য ও কৃতজ্ঞতা প্রতিমন্ত্রী নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রীর উপস্থিতির বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।