Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক মাসে সরকারের অর্জন নিয়ে আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ১৯:৫৮ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ ২২:২৬

সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে বিফ্রিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সারাবাংলা

ঢাকা: তারেক রহমানের নেতৃত্বে সরকারের দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে বিএনপি কি কি অর্জন করেছে এবং সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে সরকারি দলের সংসদীয় বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সরকারদলীয় সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির ভাষণের ওপরে কে কি বক্তব্য দেবেন বৈঠকে সেই বিষয়ে আলোচনা হয়েছে।  পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অনেক দেশে তেলের দাম বৃদ্ধি পেলেও বাংলাদেশে তেলের মূল্য বৃদ্ধি না করা সরকারের সফলতা। এ বিষয়ে পূর্ব পরিকল্পনা নেওয়া হয়েছিল। বোরো মৌসুমে কৃষকদের যাতে অসুবিধা না হয় সেটি মাথায় রেখে ভর্তুকি দিয়ে তেল সরবরাহ করছে সরকার। তেল চোরাচালানের বিষয়টি সরকারের নজরে এসেছে। চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

বিজ্ঞাপন

বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, সংসদ শুরুর আগে রেওয়াজ অনুযায়ী সরকার দলীয় সদস্যদের বৈঠক হয়েছে। দীর্ঘ বিরতির পর সংসদ বসবে সে কারনে আলোচনা হয়েছে।

তিনি বলেন, যুদ্ধ চলছে, সমগ্র বিশ্ব টালমাটাল। কিন্তু বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি করা হয়নি। ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ চলছে। সরবরাহের ঘাটতি নেই।

তিনি জ্বালানি তেল বিষয়ে জনগণকে প্যানিক না হওয়ার আহবান জানিয়ে বলেন, ২ লাখ মেট্রিকটন তেলবাহী জাহাজ এরইমধ্যে পৌঁছেছে। আরও দুই লাখ মেট্রিকটন লোড হচ্ছে। বর্তমানে পর্যাপ্ত মজুদ আছে তারপরও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। প্রত্যেক সংসদ সদস্যকে এ বিষয়ে খোঁজ রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে বলেছেন। যারা প্রয়োজনের অতিরিক্ত তেল মজুদ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর