Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৬ ১২:৪১ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৬:১৭

ছবি: সারাবাংলা

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ সোমবার (২৩ মার্চ)। টানা ছুটির পর মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও পুজিবাজার।

গত শনিবার (২১ মার্চ) দেশে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ মোট সাত দিন নির্ধারিত সরকারি সাধারণ ছুটি ছিল।

টানা সাতদিন ঈদের ছুটি শেষে মঙ্গলবার অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও।

তবে ঈদের পর অফিস খোলার একদিন পর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি আছে। তাই সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ২৬ মার্চের পর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সপ্তাহিক ছুটি। সব মিলিয়ে অনেকে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটিয়ে অফিসে যোগ দেবেন।

বিজ্ঞাপন

ফলে অফিস আদালত পুরোপুরি কার্যক্রম পুরোদমে শুরু হতে এ সপ্তাহ কেটে যাবে। আগামী সপ্তাহে স্বাভাবিক রূপে ফিরবে রাজধানী।

আগের বছরগুলোতে দেখা গেছে, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিস পাড়ার তেমন কর্মব্যস্ততা থাকে না। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে ব্যস্ত থাকেন। একইভাবে ব্যাংকপাড়ায়ও জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয় না।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা পাঁচ দিন ছুটি কাটাচ্ছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি ঘোষণা করে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব)। তাদের ছুটিও আজ শেষ হচ্ছে।

সারাবাংলা/একে/ইআ