Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফায়ার সার্ভিস ও বেবিচকের সমঝোতা স্মারক সই

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৭:১৬ | আপডেট: ১২ মার্চ ২০২৬ ২২:১৯

ঢাকা: বাংলাদেশে বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর (এফএসসিডি) এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর মধ্যে সার্চ অ্যান্ড রেসকিউ এবং রেসকিউ অ্যান্ড ফায়ার ফাইটিং বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো- দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করা এবং বিমানবন্দর ও পার্শ্ববর্তী এলাকায় সম্ভাব্য দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতিতে দ্রুত, সমন্বিত ও কার্যকর উদ্ধার এবং অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা নিশ্চিত করা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দফতরের লেভেল-৬-এ অবস্থিত বেবিচকের চেয়ারম্যানের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক সই হয়।

বিজ্ঞাপন

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং বিশেষ অতিথি ছিলেন এফএসসিডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

এছাড়া, বেবিচক-এর পরিচালক (এটিএম) মো. শামসুল হক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এর উপ-পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ, বিএফএম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারকে সই করেন। এসময় বেবিচক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর-এর কর্মকর্তারা এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুযায়ী উভয় প্রতিষ্ঠান জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদান, সমন্বিত প্রশিক্ষণ, তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তার মাধ্যমে বিমান চলাচল নিরাপত্তা জোরদারে কাজ করবে। এর ফলে বিমানবন্দর এলাকায় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলা, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং অগ্নিনির্বাপণ সক্ষমতা আরও শক্তিশালী হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর