Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারদলীয় সংসদীয় সভা আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১০:৫১ | আপডেট: ১১ মার্চ ২০২৬ ১২:৫৫

ঢাকা: জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে সরকারি দল। বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় সংসদ ভবনে অবস্থিত সরকারদলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

একইসঙ্গে সংসদীয় বিভিন্ন স্থায়ী কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে চিফ হুইপ নূরুল ইসলাম সরকারদলীয় সব সংসদ সদস্যকে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। ওই অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য আজকের বৈঠকে স্পিকার পদে দলীয় সমর্থন কাকে দেওয়া হবে তা চূড়ান্ত করা হবে।

বিজ্ঞাপন

এদিকে সংসদের প্রথম অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এর আগে সরকারি ও বিরোধী দলীয় হুইপদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সংসদ ভবনে চিফ হুইপ নূরুল ইসলামের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে নেতৃত্ব দেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৈঠকে সংসদের প্রথম অধিবেশন পরিচালনা, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সমন্বয় এবং সংসদ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ