ঢাকা: ঢাকাসহ সারাদেশের আবহাওয়া নিয়ে পাঁচ দিনের পূর্বাভাস প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এ পূর্বাভাস দেওয়া হয়।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময়ে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ও রবিবার (১ মার্চ) একই ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ দুই দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। ফলে শীতের তীব্রতা কমে গরমের আভাস স্পষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।