Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালাহউদ্দিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫২ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৫

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ঢাকা: সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ, পর্যালোচনা ও উন্নয়নের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে আহ্বায়ক করে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল; স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী।

বিজ্ঞাপন

সহায়তাকারী কর্মকর্তা হিসেবে থাকবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবগণ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সেনাসদরের চিফ অব জেনারেল স্টাফ, বাংলাদেশ পুলিশ–এর মহাপরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ–এর মহাপরিচালক, আনসার ও ভিডিপির মহাপরিচালক, ডিজিএফআই, এনএসআই, বাংলাদেশ কোস্ট গার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবে। পরিস্থিতির অবনতি হলে কারণ চিহ্নিত করে তা দূরীকরণে সুপারিশ প্রদান করবে। পাশাপাশি হরতাল, অবরোধ, ধর্মঘট ও জনজীবন ব্যাহতকারী অন্যান্য ঘটনা প্রতিরোধ এবং সৃষ্ট দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার করণীয় বিষয়ে পরামর্শ দেবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে এবং এ সংক্রান্ত ২০ আগস্ট ২০২৪ তারিখের পূর্ববর্তী প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর