ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের আরও সাতজন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদা) এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) ও সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব এ কে এম তাজকির-উজ-জামানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে মন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাকসুদুর রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হয়েছেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (যুগ্ম জেলা ও দায়রা জজ) কামরুল হাসান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সালাহউদ্দিন আহমদ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন একই মন্ত্রণালয়ের উপসচিব মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন। এ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ইকবাল হাসান মাহমুদ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর একান্ত সচিব হয়েছেন স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত উপসচিব মো. শফিকুর আলম। এ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আফরোজা খানম (রিতা)।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ–এর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (উপসচিব) মো. তানজিল্লুর রহমান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির–এর একান্ত সচিব হয়েছেন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) উপসচিব মো. হারুন-অর-রশিদ। একই সঙ্গে তার সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জোবায়ের হোসেন।
প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহদী আমিন–এর একান্ত সচিব হয়েছেন মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সহকারী একান্ত সচিবদের সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। তারা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুযায়ী ৯ম গ্রেডে ২২,০০০-৫৩,০৬০ টাকা বেতন স্কেলে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা যতদিন পদে বহাল থাকবেন অথবা তাদের এ পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।