ঢাকা: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আদলে একটি ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারণার অপচেষ্টা চালাচ্ছে একটি চক্র। বিষয়টি নজরে আসার পর সাধারণ মানুষকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মূল ওয়েবসাইটটি পুরোপুরি সচল ও নিরাপদ থাকলেও সেটির আদলে mswbd.org নামে একটি নকল বা ভুয়া ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এই ভুয়া ওয়েবসাইটটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং প্রতারণার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।
মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, কোনো হ্যাকার গ্রুপ বা অসাধু ব্যক্তি যদি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে কোনো ধরনের প্রতারণা করতে চায়, তবে তা অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে হবে। এ ধরনের প্রতারণা রোধে এবং তথ্য দিয়ে সহায়তার জন্য আইসিটি শাখার একটি বিশেষ টেলিফোন নম্বর (০১৯১৫০২৬৪২৩) দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় সরাসরি জনগণের সেবায় নিয়োজিত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জনস্বার্থ রক্ষায় এই হ্যাকার গ্রুপ বা প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয় কর্তৃপক্ষ।