Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মার্চ জাতীয় ভোটার দিবস

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৯

জাতীয় সংসদ নির্বাচন। ফাইল ছবি

ঢাকা: আগামী ২ মার্চ সারা দেশে উৎসবমুখর পরিবেশে ‘অষ্টম জাতীয় ভোটার দিবস-২০২৬’ উদযাপন করবে নির্বাচন কমিশন (ইসি)। এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন সহায়তা-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক অফিস আদেশের মাধ্যমে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়।

জানা গেছে, নির্ধারিত এই প্রতিপাদ্যটি দিবস সংশ্লিষ্ট সকল প্রকাশনা, প্রচার সামগ্রী এবং সেমিনারসহ বিভিন্ন কার্যক্রমে ব্যবহারের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা পাঠানো হয়েছে। এরই মধ্যে অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আইডিয়া প্রকল্পের পরিচালক এবং সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ‘ফেমবোসা’র (FEMBOSA) চতুর্থ সভায় জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ২০১৯ সালে প্রথমবারের মতো ১ মার্চ দিবসটি পালিত হয়েছিল। তবে ১ মার্চ ‘জাতীয় বিমা দিবস’ হওয়ায়, ২০২০ সাল থেকে ২ মার্চকে ‘খ’ শ্রেণিভুক্ত জাতীয় ভোটার দিবস হিসেবে পুনর্নির্ধারণ করা হয়।

নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় এই চিত্র উঠে এসেছে। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৬০টি।

গণতন্ত্র ও ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর দেশের সব নির্বাচন অফিসগুলোতে র‍্যালি, আলোচনা সভা এবং নতুন ভোটারদের ভোটার কার্ড বিতরণসহ নানাবিধ কর্মসূচির মাধ্যমে এই দিনটি পালন করা হয়।

এদিকে, ‘জাতীয় ভোটার দিবস’ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সারাদেশে ৫৭০টি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর