ঢাকা: বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, তারেক রহমান তার মানবিক মূল্যবোধ ও ব্যক্তিগত দৃঢ়তা দিয়ে এই অনন্য উচ্চতায় আসীন হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারিক চয়ন সম্পাদিত, ২০১৩ সালে লেখা ১৯টি প্রবন্ধের সংকলন ‘অবিসংবাদিত তারেক রহমান’ বইয়ের পাঠ উন্মোচন উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘অবিসংবাদিত’ শব্দটি কোনো চিরকালীন বিষয় নয়; এটি নিরলস কর্মের মাধ্যমে অর্জন এবং রক্ষা করতে হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান তার দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় সেটিই প্রমাণ করেছেন। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরাধিকার হিসেবে পারিবারিক পর্যায় থেকেই তিনি এই মানবিক গুণাবলী ও মূল্যবোধের দীক্ষা পেয়েছেন।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, একজন মানুষের পক্ষে এত চড়াই-উতরাই ও প্রতিকূলতা মোকাবিলা করে টিকে থাকা কেবল তার ব্যক্তিগত দৃঢ়তার কারণেই সম্ভব হয়েছে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তারেক রহমান তার মানবিক মূল্যবোধ দিয়ে জনআস্থা বজায় রাখতে সক্ষম হবেন।
অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত এই সংকলনটিতে দেশের ১৯ জন গুণী শিক্ষক, লেখক, চিন্তক ও রাজনীতিবিদের লেখা স্থান পেয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক দর্শন ও রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়াও বিশিষ্ট শিক্ষাবিদ ড. ইউসুফ হায়দার চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনসহ বইটির সম্পাদক তারিক চয়ন বক্তব্য দেন।