ঢাকা: মামলা দিয়ে কাউকে হয়রানি করা আইনের শাসনের অন্তরায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, হয়রানিমূলক বা শত্রুতামূলক মামলাগুলো ফাইন্ড আউট করে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘৫ আগস্টের পরে ’শ-এ ’শ-এ, হাজারে হাজারে আসামি করা হয়েছে এ রকম কিছু মামলা আছে। ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন…হয়তো শত্রুতামূলক কিছু লোককে আসামি করা হয়েছে বিভিন্নভাবে। কিছু সুবিধাবাদী শ্রেণি… এরকম কিছু আমাদের নজরে এসেছে।’
‘এগুলো যাচাই-বাছাই করে আমরা ফাইন্ড আউট (খুঁজে বের) করব, একটা বিহিত করতে হবে। কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’
মন্ত্রী বলেন, ‘যেসব মামলা প্রত্যাহার করা হয়েছে সেগুলোর মধ্যে হত্যা মামলা, মাদক, নারী ও শিশু নির্যাতন বাদে অন্য মামলাগুলো আমলে নেওয়া হয়েছে। আমার বিরুদ্ধেও বহু হত্যা মামলা রয়েছে। অস্ত্র, বিস্ফোরক মামলা তো আছেই। যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করার বিষয়ে আরেকটি উদ্যোগ নিয়েছি।’
এর আগে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭ বছর ধরে বিরোধীদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।