Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ নির্বাচন নিয়ে সিইসিকে ইইউ রাষ্ট্রদূতের অভিনন্দন

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২১

ঢাকা: ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এ অভিনন্দন জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

‎বৈঠকে ইইউ রাষ্ট্রদূত গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশ এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের প্রচেষ্টাকে সাধুবাদ জানান। এ সময় ইসি সচিব শফিউল আজিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মিলার বলেন, ‘বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা একটি মাইলফলক। ইইউ শুরু থেকেই এই প্রক্রিয়ায় সহায়তা করে আসছে এবং আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

বৈঠকে সিইসি ইইউ রাষ্ট্রদূতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি আরও উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের পর এখন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। বিশেষ করে ১২টি সিটি করপোরেশন, ৪৯৫টি উপজেলা এবং ৪,৫৮২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করা এখন বড় চ্যালেঞ্জ।

রাষ্ট্রদূত মাইকেল মিলার আশ্বস্ত করেন, স্থানীয় পর্যায়ের এসব নির্বাচনেও নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধিতে ইইউ কারিগরি ও অন্যান্য সহায়তা বজায় রাখবে।

‎উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলও সক্রিয় ছিল।

বিজ্ঞাপন

ময়মনসিংহে আ.লীগ কার্যালয় ফের ভাঙচুর
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৪

আরো

সম্পর্কিত খবর