Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনদুর্ভোগ কমাতে কাজ শুরু করেছি, আমাদের সময় দিন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪০

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

যশোর: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ইফতার, তারাবিহ এবং সেহরিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারি; সেটার চেষ্টা আমাদের রয়েছে। বিদ্যুতের ঘাটতি রয়েছে। সেটাকে কিভাবে সুন্দর ব্যবস্থাপনা করে জনদুর্ভোগ কমানো যায় সেটা নিয়ে কাজ শুরু করেছি।

তিনি আরও বলেন, দেশবাসীকে বলব, আমাদের একটু সময় দিতে হবে। ধৈর্যধারণ করতে হবে। বিদ্যুৎ বিভাগে পরিকল্পনা অনুযায়ী নানা সংকট ও সমস্যার সমাধান আমরা করতে পারব।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে যশোর সার্কিট হাউজে যশোরের বিদ্যুৎ বিভাগের সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নে এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বোরো মৌসুমে রেশনিং করে হলেও চাষিদের বিদ্যুৎ সরবারহ নিশ্চিত করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘রমজানের পরেই সেচের মৌসুম। কৃষকদের বিদ্যুৎ নিশ্চিতে কর্মকর্তাদের প্রস্তুতি নেওয়ার কথা বলেছি। অন্য জায়গা থেকে রেশনিং করে হলেও সেচের মৌসুমে কৃষকদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে। সেচ মৌসুমে যাতে কৃষকরা প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ পান; এটা নিশ্চিত করাটাই আমাদের প্রধান কাজ।’

এর আগে, সার্কিট হাউজের মিলনায়তনে জেলার বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে জেলার বিদ্যুৎ বিভাগের নানা সংকট ও সম্ভবনার নানা তথ্য উপস্থাপন করেন কর্মকর্তারা। সভায় এসব সমস্যা সমাধানে প্রতিমন্ত্রী জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের পাশে থাকার আহ্বান জানান। এ সময় পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকোর বিভাগীয় ও জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হয়ে দুই দিনের সরকারি সফরে তার নিজ জেলা যশোরে আসলে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় যশোর সার্কিট হাউজে তিনি পৌঁছান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর