Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদদের চেতনায় তারুণ্য ও ক্রীড়াঙ্গনকে পুনর্গঠনই মূল লক্ষ্য: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪২

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেশবাসী, যুবসমাজ ও বাংলাদেশের শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে দেওয়া এক খোলা চিঠিতে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানিয়েছেন শহিদদের চেতনায় তারুণ্য ও ক্রীড়াঙ্গনকে পুনর্গঠনই তার মূল লক্ষ্য।

চিঠিতে তিনি মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর জুলাই বিপ্লবের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে দেশ পুনর্নির্মাণের সুযোগ পেয়েছি।

বিজ্ঞাপন

খোলা চিঠিতে প্রতিমন্ত্রী আমিনুল হক লিখেছেন, ‘‘যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ একটি স্বাধীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে দেশ পুনর্নির্মাণের সুযোগ পেয়েছি, সেই মহান মুক্তিযুদ্ধ এবং ‘২৪-এর জুলাই আন্দোলনের সকল শহিদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।’’

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর প্রতি গভীরভাবে কৃতজ্ঞ, যিনি আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করে পূর্ণ আস্থা রেখেছেন। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া-কে, যাদের আদর্শ ও নেতৃত্ব আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে।

আমিনুল হক প্রতিশ্রুতি দেন- শহীদদের চেতনা ও জাতীয় আদর্শ বুকে ধারণ করে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে নিজের অর্পিত দায়িত্ব পালন করবেন তিনি।

তিনি বলেন, যুব সমাজকে দক্ষ, শৃঙ্খলাবদ্ধ, প্রযুক্তিনির্ভর ও নৈতিকতায় বলীয়ান করে গড়ে তোলা এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করাই হবে আমার অঙ্গীকার। তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং খেলোয়াড়দের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার।

আমিনুল হক বলেছেন, আপনারা আপনাদের চিন্তা, উপদেশ ও অভিযোগ নির্দ্বিধায় আমাকে জানাবেন, কারন আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে নিয়েই দেশের যুব ও ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নের পথে এগিয়ে যেতে। খেলা ও খেলোয়াড়দের যথাযথ মূল্যায়ন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। এ বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।

পাশাপাশি, সংবাদমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমাদের জাতীয়তাবাদী সরকারের অন্যতম অঙ্গীকার এবং এর বাস্তব প্রতিফলন অবশ্যই দেশের যুব ও ক্রীড়াঙ্গনেও প্রতীয়মান হবে বলেও খোলা চিঠিতে উল্লেখ করেন তিনি।

সবার কাছে দোয়া চেয়ে আমিনুল হক বলেন, আমি সবার কাছে আন্তরিকভাবে দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। আপনাদের সমর্থন, আস্থা ও অংশগ্রহণই হবে আমাদের শক্তি। একসঙ্গে কাজ করলেই আমরা একটি দক্ষ, মর্যাদাপূর্ণ ও আন্তর্জাতিক মানের যুব ও ক্রীড়া কাঠামো গড়ে তুলতে সক্ষম হব, ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর