ঢাকা: বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য (দফতরে সংযুক্ত), জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দফতর সম্পাদক মো. আব্দুস সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মাননীয় প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ হতে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।