Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতন্ত্রের ট্রেন যাত্রা শুরু করেছে, স্টেশনে পৌঁছাবেই: সিইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৭ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৭

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের ট্রেন যাত্রা শুরু করেছে। এই ট্রেন স্টেশনে পৌঁছাবেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকের এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, আজ বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জনগণ স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছে। কোনোরকম বাধা ছাড়াই। যা অনেকদিন মানুষ দিতে পারেনি। মানুষ ভুলেই গিয়েছিল যে নিজের ভোট নিজে দেওয়া যায়। একটা ভালো নির্বাচনের বিকল্প ছিল না। শেষ পর্যন্ত তাই হচ্ছে। গণতন্ত্রের ট্রেনের যাত্রা শুরু হয়েছে। এ ট্রেন অবশ্যই স্টেশনে পৌঁছাবে।

বিজ্ঞাপন

সিইসি বলেন, ২৫৪ মিলিয়ন ব্যালট পেপার ছাপানো হয়েছে এবং সব জায়গায় পাঠানো হয়েছে। এতো অল্প সময়ে এতো ব্যালট ছাপানো দুর্বহ ব্যাপার ছিল। সবাই পরিশ্রম করছে শুধু একটা ভালো নির্বাচনের জন্য। আমি দায়িত্ব নেওয়ার পর জাতির কাছে ওয়াদা করেছিলাম একটা ভালো নির্বাচন, ফেয়ার নির্বাচন উপহার দেওয়ার জন্য।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমি বিভিন্ন জেলার ডিসি ও বিভাগীয় কমিশনারকে ফোন করে কথা বলেছি, সবাইকে একটা কথাই বলেছি, আপনাদের একটা কথা দিতে হব। নাইলে হাশরের ময়দানে কঠিন জবাবদিহি করতে হবে। আপনারা কারও পক্ষে কাজ করতে পারবেন না। নিরপেক্ষ ভূমিকায় থাকেন। ভোটাররা এসে নিজের ভোট নিজে দেবে। ইচ্ছা অনুযায়ী দেবে। সবাই কথা দিয়েছে এবং সে অনুযায়ী কাজও করছে সবাই।

প্রায় ১৭ লাখ লোক এই নির্বাচনে কাজ করছে। ২০২৬ সালের সবচেয়ে বড় নির্বাচন এটি। বিশ্বব্যাপী দেখছে এই নির্বাচন। সবাই তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে।

এক প্রশ্নের জবাবে সিইসি নাসির উদ্দিন বলেন, আমার বয়স ৭৪ বছর। এই বয়সে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। জাতির এ ক্রান্তিলগ্নে একটা ভালো নির্বাচন উপহার দিতে চেয়েছিলাম সেটি পেরেছি বলে মনে করছি।

সোশ্যাল মিডিয়ায় বুধবার থেকে নানান ভিডিও দেখা যাচ্ছে এগুলো নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নানান গুজব ছড়ানো হচ্ছে। জেনেছি এসবের বেশিরভাগ বর্ডারের ওপার থেকে একটি দল এসব ছড়াচ্ছে। সত্য তথ্য দিয়ে মিথ্যা মোকাবিলা করতে হয়েছে এবং হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় নানান ধরণের অপতথ্য ছড়ানো হয়েছে। আমরা মেইন স্ট্রীম মিডিয়াকে বিশ্বাস করি। কাজেই আপনারা সত্যটা লেখেন এবং দেখান।

তিনি বলেন, আমি দেখেছি, ঠাকুরগাঁওয়ে জামায়াতের প্রার্থীর সঙ্গে হিন্দু ভোটাররা এক সঙ্গে দাঁড়িয়ে ভোটের কথা বলছে। আবার পঞ্চগড়ে সাত সকালে নারীরা ভোটের লাইনে দাঁড়িয়েছে ভোট দেওয়ার জন্য। এটাই বাংলাদেশ।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর