Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যারাভ্যান নিয়ে ইসির নতুন নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৩ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৯

নির্বাচন ভবন। ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহন ব্যবহারের অনুমতি দিলেও কঠোর শর্ত জুড়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ডিজিটাল বা সাধারণ প্রচারসামগ্রী সজ্জিত এসব বাহনের মাধ্যমে প্রচার চালানোর সময় কোনোভাবেই জনদুর্ভোগ বা যানজট সৃষ্টি করা যাবে না। এমনটি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে ইসি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

নির্দেশনায় যা বলা হয়েছে:

নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর করতে প্রার্থীরা যানবাহনের চারদিকে ডিজিটাল প্রযুক্তি বা সাধারণ পোস্টার-ব্যানার ব্যবহার করে ভ্রাম্যমাণ প্রচার চালাতে পারবেন। তবে এই প্রচারের কারণে:

বিজ্ঞাপন

* সাধারণ যানবাহন চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

* জনসাধারণের স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন ঘটানো যাবে না।

* শর্ত ভঙ্গ করলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, এই সিদ্ধান্তটি সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নির্বাচনি মাঠে দায়িত্বপালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দ্রুত অবহিত করতে হবে।

তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীরা তাদের নির্বাচনি প্রচার চালানোর সুযোগ পাবেন ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। এরপর সব ধরনের প্রচার বন্ধ থাকবে।

উল্লেখ্য, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হওয়ায় ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর ক্যারাভ্যান ব্যবহারের দিকে ঝুঁকছেন, যার পরিপ্রেক্ষিতেই এই সতর্কবার্তা দিলো নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর