Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবু সাঈদ হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে সাজা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৫:৩৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১৭:০২

শহিদ শিক্ষার্থী আবু সাঈদ।

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহিদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

এ ছাড়া, আনোয়ার পারভেজ (আপেল) খালাস পান এবং বাকি ২৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বে তিন সদস্যের প্যানেল। প্যানেলের অপর দুই বিচারক ছিলেন মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

বিজ্ঞাপন

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— সাবেক সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম ও সাবেক উপপরিদর্শক (নিরস্ত্র) বিভূতিভূষণ রায়। এদের প্রত্যেকের এক ধারায় যাবজ্জীবন এবং আরেক ধারায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হাসিবুর রশিদ (বাচ্চু), রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান (বেল্টু), বেরোবির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল (আসাদ), সহকারী রেজিস্টার রাফিউল হাসান রাসেল, সহকারী রেজিস্টার হাফিজুর রহমান (তুফান) ও নিষিদ্ধ ছাত্রলীগ বেরোবি শাখার সভাপতি পোমেল বড়ুয়া।

৫ বছরের সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— আরপিএমপ‘র সাবেক উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন (টিটু), সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ নূর আলম পাটোয়ারী (সুমন), বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগ রংপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এমরান চৌধুরী (আকাশ/দিশা), যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রলীগ মাসুদুল হাসান (মাসুদ), বেরোবির অফিস সহকারী/কম্পিউটার অপারেটর মাহাবুবার রহমান (বাবু), রংপুর স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সারোয়াত হোসেন (চন্দন), এমএলএসএস একেএম আমির হোসেন (আমু) বেরোবি।

৩ বছরের সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— বেরোবির সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ, বেরোবি ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান শামীম, বেরোবি ছাত্রলীগ শাখার সহ-সভাপতি ফজলে রাব্বী (গ্লোরিয়াস ফজলে রাব্বী), সহ-সভাপতি আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক সেজান আহম্মেদ (আরিফ), সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার (টগর), দফতর সম্পাদক বাবুল হোসেন, মোহাম্মদ নুরুন্নবী মন্ডল এমএলএসএস বেরোবি, নূর আলম মিয়া সিকিউরিটি গার্ড বেরোবি।

২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে শহিদ হন আবু সাঈদ। হত্যার ভিডিও দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল এবং আন্দোলনের ধারা বদলে দেয়।

মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুন ২০২৫ দাখিল করা হয়। আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয় ৬ আগস্ট, বিচার শুরু হয় ২৭ আগস্ট, সাক্ষ্যগ্রহণ শেষ হয় ১৪ জানুয়ারি ২০২৬ এবং যুক্তিতর্ক শেষ হয় ২৭ জানুয়ারি। রায় ঘোষণা করা হলো ৯ এপ্রিল।

সারাবাংলা/টিএম/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর