ঢাকা: সাবেক প্রধান বিচারপতি এ. বি. এম. খায়রুল হকের জামিন স্থগিত চেয়ে করা আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২৬ এপ্রিল দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন। নির্ধারিত দিনে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টির শুনানি হবে।
এর আগে, গত ৮ মার্চ বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চারটি মামলায় খায়রুল হককে জামিন দেন এবং রুল জারি করেন। পরে ১১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আরেকটি মামলাতেও তিনি জামিন পান।
রাষ্ট্রপক্ষ ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে। এদিকে, এর মধ্যেই নিম্ন আদালতে আরও দু’টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করা হয়। পরে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এ মামলা ছাড়াও তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে গত ২৭ আগস্ট শাহবাগ থানায় একটি মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। একই অভিযোগে ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানায় আরও দু’টি মামলা দায়ের করা হয়। এ ছাড়া, প্লট জালিয়াতির অভিযোগে দুদক একটি মামলা করে।
এসব মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। পরে হাইকোর্ট পাঁচটি মামলায় জামিন প্রশ্নে রুল জারি করে এবং তাকে জামিন দেন।
উল্লেখ্য, এ. বি. এম. খায়রুল হক ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং একই বছরের ৩০ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ১৭ মে অবসরে যাওয়ার পর তিনি তিন দফায় আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।