Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইডিআরএ চেয়ারম্যান মোশারফ ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৪:৫৮ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৫:৪৭

ছবি: সংগৃহীত

ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশারফ হোসেন ও তার স্ত্রী জান্নাতুল মাওয়ার আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুটি আবেদনের পর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের আবেদনে বলা হয়, ড. মোশারফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত চলমান রয়েছে।

বিজ্ঞাপন

তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আসামিদের শুরু থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত জমা দেওয়া আয়কর নথি পর্যালোচনা জরুরি উল্লেখ করে আবেদনে নথি জব্দের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এসব দিক বিবেচনায় নিয়ে আদালত তদন্তের স্বার্থে আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন।