Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেফতার দেখানোর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৬:০৩ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৭:২৬

সাংবাদিক শওকত মাহমুদ

ঢাকা: রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আখতার মোরশেদ এ বিষয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে ২৮ আগস্ট সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যবেক্ষণে অভিযোগ করা হয়েছে, ওই বৈঠকে অংশগ্রহণকারীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাতের লক্ষ্যে উসকানিমূলক বক্তব্য দেন। এ ছাড়া বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এজাহারে বলা হয়েছে, ১৬ জন নামীয় আসামির পাশাপাশি আরও ৭০-৮০ জন অজ্ঞাত ব্যক্তি ওই সভায় অংশ নেন। গোয়েন্দা বিভাগের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ‘মঞ্চ ৭১’র ব্যানারে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।

প্রাথমিক তদন্তে শওকত মাহমুদের সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা। অভিযোগ রয়েছে, তিনি তার অনুসারীদের নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচারমূলক কার্যক্রমে অংশ নেন।

এসব বিবেচনায় মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন বলে আদালতে উল্লেখ করা হয় এবং আদালত সেই অনুযায়ী নির্দেশ দেন।