Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনিপুর স্কুলের সাবেক অধ্যক্ষ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১৭:২০

ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ ফরহাদ হোসেন ও তার স্ত্রী আঞ্জুমান আরা খাতুনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

পরে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক সাইদুল ইসলামের আবেদনে বলা হয়, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের উন্নয়ন প্রকল্পের প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে ওই দম্পতির বিরুদ্ধে।

বিজ্ঞাপন

আবেদনে আরও উল্লেখ করা হয়, তদন্ত চলাকালে অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন এমন আশঙ্কা রয়েছে। তাই তদন্তের স্বার্থে তাদের বিদেশযাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন। এ যুক্তিতে আদালত আবেদনটি মঞ্জুর করে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন।