Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উখিয়ায় মালিকবিহীন অবস্থায় বিপুল মালামাল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৫

উদ্ধার হওয়া মালামাল।

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ বাংলাদেশি বিভিন্ন পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে চার লাখ ৮২ হাজার ১০০ টাকা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। টহল কমান্ডারের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে উলুবনিয়া এলাকায় এসব মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ১০০টি শিশুদের হাতঘড়ি, ১৫ জোড়া হাতের চুড়ি, ২১০টি চুলের ক্লিপ, ২৪০টি স্যান্ডো গেঞ্জি, ৭৪৬টি শিশুদের স্যান্ডো গেঞ্জি, ৪৬টি লুঙ্গি, ৩০টি জিন্স প্যান্ট, ৬০টি ছোট টি-শার্ট, ৫৫টি ওড়না, ৭০টি শিশুদের প্যান্ট, ১৩টি বড় টি-শার্ট ও ১১৮টি স্কার্ট। আরও রয়েছে ২১০ লিটার এসিড, ২৪৫ বোতল ‘স্পিড এনার্জি ড্রিংকস’, ১৫ বোতল ‘টাইগার এনার্জি ড্রিংকস’, ২২৫ লিটার সয়াবিন তেল এবং ৯০০ কেজি ইউরিয়া সার।

বিজ্ঞাপন

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার করা মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।’

সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পরিবহণ ও মজুত ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর