Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোস্ট গার্ডের হাতে ৯ জলদস্যু আটক, উদ্ধার ৪ জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৬

আটক হওয়া ডাকাত দলের সদস্যরা ও অস্ত্রশস্ত্র।

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপকূলে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ‘জাহাঙ্গীর জলদস্যু বাহিনী’র প্রধান জাহাঙ্গীর (২৮) ও তার আট সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। এ সময় ডাকাতের কবলে পড়া একটি মাছ ধরার ট্রলারসহ চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে মহেশখালী থানার সোনাদিয়া চর সংলগ্ন এলাকায় ‘এফ বি মায়ের দোয়া-৩’ নামের একটি মাছ ধরার ট্রলার ডাকাতির কবলে পড়ে। পরে জরুরি সেবা নম্বর ১৬১১১-এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হয়। খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের কক্সবাজার ও মহেশখালী স্টেশনের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। অভিযানকালে একটি সন্দেহজনক মাছ ধরার ট্রলারকে থামার সংকেত দিলেও সেটি না থেমে দ্রুত পালানোর চেষ্টা করে। একপর্যায়ে আভিযানিক দল নৌকাটি থামাতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং ধাওয়া করে সেটিকে আটক করে। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড কার্তুজ ও ছয়টি দেশীয় সাধারণ অস্ত্র জব্দ করা হয়। এ সময় জাহাঙ্গীর বাহিনীর সদস্যদের আটক করা হয়। একইসঙ্গে ডাকাতির কবলে পড়া ট্রলার ও জেলেদের জীবিত উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সমুদ্রে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এ ছাড়া, আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে সংস্থাটি।

মিডিয়া কর্মকর্তা সাব্বির জানান, উপকূলীয় ও সমুদ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

দই দিয়ে চানাচুর! জয়ার ভিন্ন রকম ইফতারি
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৪

আরো

সম্পর্কিত খবর