Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মশক নিধনে ব্যর্থতায় ডিএনসিসির প্রধান নির্বাহীকে লিগ্যাল নোটিশ

স্টাফ করেসপন্ডেট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২২ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০২

আইনি নোটিশ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মশার উপদ্রব নিয়ন্ত্রণ ও মশক নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সচিব এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এই নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে মশক নিধনে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে উচ্চ আদালতে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকার জজ কোর্টের আইনজীবী এইচ এম রাশদুল ইসলাম (রাশেদ) ডাকযোগে এ লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর মিরপুর-১ এর ‘ডি’ ব্লকে বসবাসকালে আইনজীবী রাশদুল ইসলাম নিজে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হন। একই বছরের ৩১ অক্টোবর অ্যাডভোকেট জান্নাতি রেহানা (জয়া) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। এ ছাড়া দীর্ঘদিন ধরে ঢাকা উত্তর সিটি এলাকায় মশার অস্বাভাবিক ও বিপজ্জনক বিস্তার লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন

নোটিশে আরও বলা হয়, এডিস ও কিউলেক্স প্রজাতির মশার আধিক্যের কারণে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। যা নগরবাসীর জীবন ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। মশা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়। বরং বিধিবদ্ধ দায়িত্ব পালনে চরম অবহেলা হিসেবে উল্লেখ করা হয়।

এই পরিস্থিতিকে সংবিধান-প্রদত্ত মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল উল্লেখ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

সারাবাংলা/টিএম/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর