Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি রুবিনা ও তার স্বামীর আয়কর নথি জব্দের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ১৬:৫৩ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২২:৫৯

সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার।

ঢাকা: দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার ও তার স্বামী মোশাররফ হোসেন সরদারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৫ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে উপ-পরিচালক রাসেদুল ইসলাম আদালতে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে রুবিনা আক্তার দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৪৪ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখেন। এছাড়া তার নিজ নামীয় ও স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১৩৯ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৯৬৪ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অর্থ অপরাধলব্ধ জেনে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের অভিযোগে দুদক গত বছরের ১৪ মে তার বিরুদ্ধে মামলা করে।

বিজ্ঞাপন

তদন্তের প্রয়োজনে রুবিনা আক্তারের আয়কর নথির শুরু থেকে সর্বশেষ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্নের মূল কপি, বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র জব্দ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

অন্যদিকে তার স্বামী মোশাররফ হোসেনের বিষয়ে আবেদনে বলা হয়। তারা পরস্পরের সহায়তায় ১ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকা মূল্যের সম্পদ অর্জন করে দখলে রাখেন। তার নিজ নামীয় ও স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবে ১৮ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৪০৪ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অর্থ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ আনা হয়।

মোশাররফ হোসেন একজন আয়কর দাতা হওয়ায় তারও শুরু থেকে সর্বশেষ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্নের মূল কপি ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দের আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত উভয় আবেদন মঞ্জুর করে আয়কর নথি জব্দের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর