Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় হচ্ছে না আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১১:৫৬ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৪:২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ঢাকা: গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হচ্ছে না। রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলার রায় ঘোষণার কথা ছিল। তবে প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় রায় ঘোষণা স্থগিত করা হয়।

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি প্রথম মামলা। মামলাটিতে মোট আটজন আসামি রয়েছেন। এরমধ্যে চারজন গ্রেফতার এবং চারজন পলাতক।

বিজ্ঞাপন

গ্রেফতার আসামিরা হলেন— শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

পলাতক চার আসামি হলেন— ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে গত বছরের ২৪ ডিসেম্বর আট আসামির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছিল।

এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। ২৩ কার্যদিবসে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। সাফাই সাক্ষী হিসেবে আরশাদ হোসেনসহ আরও তিনজনের জবানবন্দি গ্রহণ করা হয়। এরপর যুক্তিতর্ক পর্ব সম্পন্ন হয়।

এদিকে, মঙ্গলবার সকালে কারাগার থেকে চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

প্রাইভেটকারে ২০ হাজার ইয়াবা, চালক আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

আরো

সম্পর্কিত খবর