ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত কথিত গণহত্যার ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
এ মামলায় শাহরিয়ার কবির ছাড়াও আরও চারজন গ্রেফতার হয়েছেন। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একে এম শহিদুল হক এবং পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম।
সোমবার সকাল ১০টার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে আসামিদের কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।
এর আগে, গত ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল-১ শাহরিয়ার কবিরকে হাজির করার নির্দেশ দেন। ওইদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর তারেক আবদুল্লাহ। তিনি মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করেন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ জানুয়ারি দিন নির্ধারণ করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। তিনি হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মামুনুল হকের পক্ষে এ অভিযোগ দায়ের করেন।
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, গণমাধ্যম এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সংশ্লিষ্ট বহু ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।