ঢাকা: দেশের অধস্তন আদালতের কার্যক্রম-প্রশাসনিক কার্যাবলিসহ নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিয়ে সুপ্রিম কোর্টে মতবিনিময় সভা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। এর আগে, ৬ আগস্ট বিকেলে সুপ্রিম কোর্টের সম্মেলন কক্ষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে এ সভা হয়।
এতে উপস্থিত ছিলেন দেশের আট বিভাগের ১৩টি মনিটরিং কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারপতিরা। এ সময় তারা নিজেদের অঞ্চলের অধস্তন আদালতের কার্যক্রমের সামগ্রিক চিত্র প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করেন। বিশেষ করে বিচারিক কার্যক্রম, প্রশাসনিক সমস্যা ও সেবার মান উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়। অর্থাৎ ভার্চুয়াল বা সরাসরি মিটিং, ন্যায়কুঞ্জ কার্যকরণে সবশেষ তথ্য, বিভিন্ন সমস্যা চিহ্নিত করে নেয়া ব্যবস্থার কথা উপস্থাপন করেন বিচারপতিরা।
সভায় অধস্তন আদালতের সেবার মান উন্নয়ন, বিচারপ্রক্রিয়াকে আরও কার্যকর, স্বচ্ছ-সহজ করতে দায়িত্বপ্রাপ্ত বিচারপতিদের বিভিন্ন দিকনির্দেশনা দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
উল্লেখ্য, দায়িত্ব নেয়ার পর থেকেই একটি শক্তিশালী, স্বাধীন, কার্যকর ও ন্যায়বিচারভিত্তিক বিচার বিভাগ প্রতিষ্ঠায় নিরলস কাজ করছেন বর্তমান প্রধান বিচারপতি। এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে গত বছরের ২১ সেপ্টেম্বর বিচার বিভাগ সংস্কারে একটি পরিপূর্ণ রোডম্যাপ বা রূপরেখা তুলে ধরেন। এ নিয়ে দেশি-বিদেশি সংশ্লিষ্টদের সঙ্গে সভা-সমাবেশ ও কর্মশালা অব্যাহত রেখেছেন। এছাড়া বিচারপ্রার্থীরা যেন সহজে সেবা পান এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এরই মধ্যে ১২ দফা নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এরই অংশ হিসেবে সেবাগ্রহীতাদের অভিযোগ-পরামর্শ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টসহ দেশের সব অধস্তন আদালতে হেল্পলাইন সার্ভিস চালু করা হয়।