যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সহযোগিতায় অথবা তাদের সহায়তা ছাড়াই ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন শুরু হবে।
শুক্রবার (১০ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়েছে, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
প্রেসিডেন্ট ট্রাম্প ওই পোস্টে আরও লিখেছেন, ‘আমার কারণেই ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।’
টুথ সোশ্যালে ট্রাম্প আরও লিখেছেন, ‘এমন খবর পাওয়া যাচ্ছে যে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরান তেলবাহী জাহাজগুলো থেকে ফি বা টোল আদায় করছে। তাদের এমনটা না করাই ভালো। আর যদি তারা এটি করে থাকে, তবে এখনই তা বন্ধ করা উচিত হবে।’
যুদ্ধের পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন ব্যবস্থাপনার কথা বলে আসছে ইরান। এর মাধ্যমে কার্যত এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল বসানোর ইঙ্গিত দিয়েছে তেহরান। এ ছাড়া যুদ্ধের সময় এ পথে চলাচলকারী কিছু জাহাজ থেকে ইরান টোল সংগ্রহ করেছে বলে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।