ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র এই গোষ্ঠীটি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে উত্তর ইসরায়েলে এ হামলা চালানো হয়।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘আমাদের দেশ ও জনগণের ওপর ইসরায়েলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই পালটা জবাব অব্যাহত থাকবে।’
এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছিল, লেবানন থেকে ছোড়া একটি রকেট আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার (৮ এপ্রিল) মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। দিনভর চলা এই রক্তক্ষয়ী হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।