লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১১২ জন নিহত এবং ৮৩৭ জনের বেশি আহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা চালানো হয়। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি একে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ বলে মন্তব্য করেছেন।
তিনি জানান, বৈরুতের দক্ষিণাঞ্চল, বেকা উপত্যকা, মাউন্ট লেবানন, সিদনসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জনবহুল এলাকায় হামলা চালানো হয়েছে, যেখানে বেসামরিক মানুষের ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।
বেরি বলেন, “এই হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির প্রতি চরম অবজ্ঞার প্রকাশ। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় পরীক্ষা।”
হামলার আগে হিজবুল্লাহ জানায়, তারা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে সম্মান জানিয়ে ইসরায়েলে হামলা স্থগিত রেখেছে। তবে এরপরও ইসরায়েল মাত্র ১০ মিনিটের ব্যবধানে প্রায় ১০০টি বিমান হামলা চালায়।
এদিকে, বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, লেবানন ফ্রন্ট যুদ্ধবিরতির আওতায় নয়। একই সুরে দেশটির সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, কোনো আপস ছাড়াই হিজবুল্লাহ’র বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।