ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা সৌদি আরবের জুবাইল এলাকার একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিবিসি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ইরানে পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছিল, তার পালটা জবাব হিসেবেই এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
এর আগে বার্তা সংস্থা এএফপি জুবাইলের ওই কমপ্লেক্সে হামলার খবর প্রকাশ করেছিল। তারা সরাসরি ঘটনাস্থলে থাকা এক সূত্রের সঙ্গে কথা বলে জানিয়েছে, হামলার ফলে কমপ্লেক্সটিতে আগুন লেগেছে এবং বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
দিনের শুরুতে ফারস, নূর এবং তাসনিমসহ ইরানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমও এই অগ্নিকাণ্ডের খবর দেয়। তারা একটি ভিডিও শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে যে কমপ্লেক্সটিতে আগুন জ্বলছে।
তবে বিবিসি এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এবং সৌদি কর্তৃপক্ষও এখন পর্যন্ত এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি।