ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ছে দক্ষিণ এশিয়ার জনজীবনে। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশের এই বিশাল ভূখণ্ডে শুরু হয়েছে তীব্র জ্বালানি সংকট। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে চলমান সামরিক উত্তেজনার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে, যার সরাসরি শিকারে পরিণত হয়েছে এই অঞ্চলের উদীয়মান ও ভঙ্গুর অর্থনীতিগুলো।
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হয়েছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন এবং শিল্পোৎপাদন সচল রাখতে হিমশিম খাচ্ছে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশগুলো। এই নজিরবিহীন সংকট মোকাবিলায় কৃচ্ছ্রসাধন এবং জরুরি অবস্থা জারির মাধ্যমে নিজ নিজ দেশের অর্থনীতিকে খাদের কিনারা থেকে বাঁচাতে একগুচ্ছ কঠোর পদক্ষেপ ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ার সরকারগুলো।
বাংলাদেশ
- অফিস ও ব্যাংকের সময়সূচি কমিয়ে সাত ঘণ্টা করা হয়েছে এবং সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
- অতিরিক্ত আলোকসজ্জা পরিহারসহ অফিসগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
- বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সাজসজ্জার জন্য আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে।
- সরকারি দফতরে জ্বালানি ব্যবহার হ্রাস এবং অপ্রয়োজনীয় ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
ভারত
- সরকার পেট্রোল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক ব্যাপক হারে হ্রাস করেছে।
- বিমানের জ্বালানি এবং ডিজেল রফতানির মাধ্যমে অর্জিত অতিরিক্ত মুনাফার ওপর বিশেষ কর (উইন্ডফল ট্যাক্স) আরোপ করা হয়েছে।
- কম গুরুত্বপূর্ণ খাত থেকে গ্যাস সরিয়ে জরুরি প্রয়োজনে প্রধান ব্যবহারকারীদের কাছে সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
- তেল শোধনাগারগুলোকে এলপিজি (রান্নার গ্যাস) উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পাকিস্তান
- সরকারি দফতরগুলোর জ্বালানি বরাদ্দ আগামী দুই মাসের জন্য ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে।
- জ্বালানি বাঁচাতে সরকারি অফিসের কর্মসপ্তাহ কমিয়ে চার দিন করা হয়েছে।
- অফিসগুলোতে সশরীরে উপস্থিত থেকে কাজ করার হার ৫০ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
- বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমাতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
নেপাল
- স্কুল ও সরকারি অফিসের সাপ্তাহিক ছুটি একদিন থেকে বাড়িয়ে দুই দিন করা হয়েছে।
- পেট্রোল-ডিজেল চালিত গাড়িকে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর করতে সরকার প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরি করছে।
- সরবরাহ স্বাভাবিক রাখতে বিমানের জ্বালানির দাম দ্বিগুণেরও বেশি বাড়ানো হয়েছে।
- পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে।
- রান্নার গ্যাসের ক্ষেত্রে রেশন ব্যবস্থা (নিয়ন্ত্রিত সরবরাহ) চালু করা হয়েছে।
শ্রীলঙ্কা
- জ্বালানি সাশ্রয়ে বুধবারকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
- পরিবহন খাতে ট্রেন ও বাস চলাচলের সংখ্যা কমিয়ে আনা হয়েছে।
- গৃহস্থালি এবং শিল্প উভয় পর্যায়েই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।
মালদ্বীপ
- জ্বালানি চাহিদা মেটাতে ভারতের কাছ থেকে আমদানির চেষ্টা করা হচ্ছে।
- সরবরাহ বজায় রাখতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।
সূত্র: রয়টার্স।