Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে স্থল অভিযানের সিদ্ধান্তে ট্রাম্পের সঙ্গে মার্কিন সামরিক কর্মকর্তাদের দ্বন্দ্ব

আন্তর্জাতিক ডেস্ক
৪ এপ্রিল ২০২৬ ২০:৩৪ | আপডেট: ৪ এপ্রিল ২০২৬ ২০:৩৬

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানে স্থল অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের দ্বন্দ্বের গুঞ্জণ উঠেছে।

শনিবার (৪ এপ্রিল) জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রোয়া নিউজ সূত্রে এ তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যমটি দাবি করেছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা ইরানে বড় ধরনের স্থল অভিযান চালানোর সিদ্ধান্তে আপত্তি করায় দেশটিতে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে। দেশটির শীর্ষ সামরিক নেতৃত্বে এই ঘটনার ব্যাপক প্রভাব পড়ছে বলেও জানা যায়।

এ ছাড়াও, বিভিন্ন গণমাধ্যমের সংবাদ সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানসহ ১২ জন শীর্ষ কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটি আধুনিক মার্কিন সামরিক নেতৃত্বের ইতিহাসে ‘সবচেয়ে বড় ধরনের রদবদল’ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে, ইরানে স্থল অভিযানের সমর্থকরা মনে করছেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সামরিক কৌশল নিয়ে পূর্ণ কর্তৃত্ব আছে।

অন্যদিকে, এই নির্দেশের বিরোধীরা আশঙ্কা করছেন যে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

মার্কিন সামরিক নেতৃত্বে রদবদলের বিষয়ে তারা সতর্ক করে বলেছেন যে, অভিজ্ঞ কমান্ডারদের সরিয়ে রাজনৈতিকভাবে আনুগত্যশীলদের বসানো হলে মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ও প্রাণঘাতী সংঘাত সৃষ্টি হতে পারে।

এমন পরিস্থিতির মধ্যে পেন্টাগনে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। শূন্য হওয়া পদগুলো কীভাবে পূরণ করা হবে এবং চলমান সামরিক অভিযানের ওপর এর প্রভাব কী হবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।