Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিক্সড ব্রডব্যান্ডের প্রসারে ‘ব্রডব্যান্ড এক্সপো’ শুরু ১৩ এপ্রিল

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১৭:৪২ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ১৮:০০

ঢাকা: বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’। তিন দিনব্যাপী (১৩-১৫ এপ্রিল) এই প্রদর্শনী চলবে রাজধানীর শের-ই-বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। প্রদর্শনীর আয়োজক দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। প্রদর্শনীতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তি, সেবা এবং বিভিন্ন আইএসপির অফার প্রদর্শন করা হবে।

‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’-এ উপভোগ  করতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ক্লাউড টেকনোলজি, ইন্টারনেট অব থিংস, ফাস্ট ব্রডব্যান্ড এক্সপেরিয়েন্স, ট্রিপল প্লে এবং আরও অনেক কিছু যা আপনার জীবনকে সহজ, স্মার্ট এবং সংযুক্ত করবে। প্রদর্শনী থাকবে বিষয়ভিত্তিক একাধিক সেমিনার। প্রদর্শনী সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে আইএসপিএবি’র সভাপতি আমিনুল হাকিম বলেন, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের শুরু থেকেই মোবাইল ইন্টারনেটের প্রাধান্য বেশি। তবে টেলিমেডিসিন, ই-এডুকেশন, নজরদারি কিংবা ঘরোয়া নিরাপত্তা ব্যবস্থার মতো সেবায় নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করতে ফিক্সড ব্রডব্যান্ডের কোনও বিকল্প নেই। উচ্চগতির ও স্থিতিশীল সংযোগ ছাড়া এআই, আইওটি এবং বহুসেবা নির্ভর ডিজিটাল জীবনযাপন টেকসই করা কঠিন। অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজ গঠনে ফিক্সড ব্রডব্যান্ডের প্রসার বাড়াতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্রডব্যান্ড এক্সপো আয়োজকরা জানান, দেশে ফিক্সড ব্রডব্যান্ডের প্রসার এখনও প্রত্যাশিত নয়। অথচ ঘরোয়া নিরাপত্তা, স্মার্ট ডিভাইস ব্যবস্থাপনা, আইওটি-নির্ভর সেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সমাধান ব্যবহারে নিরবচ্ছিন্ন ব্রডব্যান্ড সংযোগ প্রয়োজন। মহামারির সময়েও দেখা গেছে, দূরশিক্ষা ও দূরচিকিৎসায় স্থিতিশীল সংযোগের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রদর্শনীতে জাতীয় পর্যায়ের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো অংশ নেবে। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আলাদা স্টল বরাদ্দ থাকবে, যেখানে তারা এলাকাভিত্তিক সেবা ও প্যাকেজ তুলে ধরতে পারবেন। নতুন প্রযুক্তি, সেবা ও প্যাকেজ উন্মোচনের মাধ্যমে প্রান্তিক গ্রাহকেরাও উপকৃত হবেন বলে আশা আয়োজকদের।

ইন্টারনেট খাত একটি জ্ঞানভিত্তিক শিল্প। তাই এক্সপোকে কেন্দ্র করে জ্ঞান বিনিময়কে গুরুত্ব দেয়া হয়েছে। তিন দিনব্যাপী এবারের আয়োজনে প্রথম দিন উদ্বোধন, দ্বিতীয় দিন দুটি সেমিনার এবং শেষ দিন সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সেমিনারে খাতসংশ্লিষ্ট ব্যবসায়ী, প্রযুক্তি সরবরাহকারী ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। সেখানে ফিক্সড ব্রডব্যান্ড শিল্পের ভবিষ্যৎ, নীতিগত চ্যালেঞ্জ, অবকাঠামো উন্নয়ন এবং নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হবে। এ আয়োজন শিল্পসংশ্লিষ্ট সবার জন্য একটি কার্যকর নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর