Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ এআই অলিম্পিয়াডের ৩য় আসর, বিশ্বমঞ্চের পথে নিবন্ধন শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১৪:৩৪

ঢাকা: বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর জয়জয়কারের এই সময়ে বাংলাদেশের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ করে তুলতে শুরু হয়েছে ‘৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড’।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার সেরারা আগামী আগস্টে কাজাখস্তানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে লাল-সবুজের পতাকা ওড়ানোর সুযোগ পাবে। এ ছাড়া চলতি বছরের জুন মাসে অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক এআই অলিম্পিয়াডে অংশগ্রহণেরও সুযোগ পাবে।

বুধবার (১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিডিওএসএন আয়োজিত এই অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বগুলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় অনুষ্ঠিত হবে। এরপর আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে ঢাকায় জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। সেখান থেকে ধাপে ধাপে বাছাই করা হবে বাংলাদেশ এআই দল। আগ্রহীরা এ ঠিকানায় নিবন্ধন করতে পারবে। প্রতিযোগিতার বিস্তারিত সিলেবাস পাওয়া যাবে ঠিকানায়

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, এবারের আসরটিতে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে দুইটি ক্যাটাগরির যেকোনও একটি ক্যাটাগরিতে। যারা কোডিংয়ে তেমন পারদর্শী না কিন্তু এআই নিয়ে বেশ আগ্রহ আছে তাদের জন্য ‘এআই কুইজ’। এই বিভাগে স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা ফ্রিতে অংশ নিয়ে নিজেদের লজিক ও সাধারণ জ্ঞান যাচাই করতে পারবে।

অন্যদিকে, ‘এআই চ্যালেঞ্জ’ বিভাগে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে উচ্চমাধ্যমিক ও পলিটেকনিকের (৪র্থ সেমিস্টার) শিক্ষার্থীরা পাইথন ও মেশিন লার্নিংয়ের মতো আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাস্তব সমস্যা সমাধানের লড়াইয়ে নামবে। এই চ্যালেঞ্জটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ডেটা সায়েন্স প্ল্যাটফর্ম ‘Kaggle’-এ অনুষ্ঠিত হবে।

৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড আয়োজনে প্লাটিনাম স্পন্সর ও হোস্ট বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজিনেস অ্যান্ড টেকনলজি (বিইউবিটি)। পাওয়ার্ড বাই রিভ চ্যাট (রিভ চ্যাট)। গোল্ড স্পন্সর ব্রেইন স্টেশন ২৩ এবং নলেজ পার্টনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর