Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৫ সালে মুনাফায় দৃঢ় অবস্থানে রবি

‎স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৭

রবি আজিয়াটা

ঢাকা: ‎রবি আজিয়াটা ২০২৫ সালে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করে দৃঢ় অবস্থান ধরে রেখেছে। গত বছর চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) রবির কর-পরবর্তী মুনাফা (পিএটি) দাঁড়িয়েছে ৩১১.৯ কোটি টাকা। পুরো বছরের মোট কর-পরবর্তী মুনাফা (পিএটি) হয়েছে ৯৩৭.১ কোটি টাকা। মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ৯,৯৯২.২ কোটি টাকা, যা ২০২৪ সালের তুলনায় ০.৪ শতাংশ বেশি। ভয়েস কল থেকে আয় ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ২.৯ শতাংশ কমেছে। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ডেটা থেকে আয় বেড়েছে ৫.১ শতাংশ।

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, রবির পরিচালনা পর্ষদ ২০২৫ সালের জন্য ১৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ (প্রতি শেয়ার ১.৭৫ টাকা) সুপারিশ করেছে, যা মোট পিএটির ৯৭.৮ শতাংশ। গত ১৯ ফেব্রুয়ারি পরিচালনা পর্ষদ সভায় এ সুপারিশ অনুমোদন হয়েছে। আগামী ২২ এপ্রিল রবির ৩০তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে।

‎২০২৫ সালে রবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১.৭৯ টাকা, যা আগের বছরের তুলনায় ৩৩.৩ শতাংশ বেশি। ২০২৫ সালে রবির মোট মূলধনী বিনিয়োগ ১,৩০৪.১ কোটি টাকা। ২০২৫ সাল শেষে সরকারি কোষাগারে রবি কর বাবদ মোট ৬,২০১.১ কোটি টাকা পরিশোধ করেছে, যা কোম্পানির ওই বছরের মোট আয়ের ৬২ শতাংশ।

‎২০২৫ সালের ডিসেম্বর মাস শেষে রবির সক্রিয় গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৭৪ লাখে। ডেটা গ্রাহক সংখ্যা ছিল ৪ কোটি ৪৫ লাখ এবং ফোর-জি গ্রাহক সংখ্যা ৩ কোটি ৯৯ লাখ। মোট সক্রিয় গ্রাহকের মধ্যে ৭৭.৫ শতাংশ ছিলেন ডেটা ব্যবহারকারী এবং ৬৯.৫ শতাংশ ছিলেন ফোর-জি ব্যবহারকারী। রবির ডেটা ও ফোর-জি ব্যবহারকারীর অনুপাত দেশের যে কোনও মোবাইল অপারেটরের মধ্যে সর্বোচ্চ।

‎ত্রৈমাসিক হিসাবে, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে রবির মোট রাজস্ব বা আয় ছিল ২,৫৮৪.৯ কোটি টাকা, যা আগের প্রান্তিকের তুলনায় ২.৯ শতাংশ বেশি। তৃতীয় প্রান্তিকের তুলনায় চতুর্থ প্রান্তিকে ভয়েস রাজস্ব ০.৫ শতাংশ এবং ডেটা রাজস্ব ৪.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চতুর্থ প্রান্তিকে রবির সুদ, কর, অবচয় ও অ্যামর্টাইজেশন পূর্ববর্তী আয় (ইবিআইটিডিএ) দাঁড়িয়েছে ১,২৯৪.৮ কোটি টাকা, যা আগের প্রান্তিকের তুলনায় ০.১ শতাংশ বেশি।

‎চতুর্থ প্রান্তিকে ইবিআইটিডিএ মার্জিন ছিল ৫০.১ শতাংশ; আগের প্রান্তিকের তুলনায় এটি ১.৪ শতাংশীয় পয়েন্ট কমেছে। চতুর্থ প্রান্তিকে ইপিএস ০.৬ টাকা। এ প্রান্তিকে রবির মূলধনী বিনিয়োগ ৬৮৬.২ কোটি টাকা। একই সময়ে সরকারি কোষাগারে প্রদান করেছে ১,৫৯৬.৯ কোটি টাকা, যা ওই প্রান্তিকে কোম্পানির মোট আয়ের ৬২ শতাংশ।

‎রবির ফোর-জি নেটওয়ার্ক সাইটের সংখ্যা ১৯ হাজারের মাইলফলক অতিক্রম করেছে। এর মাধ্যমে মোট জনসংখ্যার ৯৮.৯৮ শতাংশ জন্য ফোর-জি কভারেজ নিশ্চিত হয়েছে। দেশের প্রথম ফাইভ-জি চালু করা অপারেটর হিসেবে রবি এই সেবা প্রসারের উপযোগী ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর