খুলনা: খুলনায় হামের উপসর্গ নিয়ে চাঁন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের হামের আইসোলেশন সেন্টারে শিশুটির মৃত্যু হয়। হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. সৈয়দা রোখসানা পারভীন শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টায় ঝিনাইদহ জেলার কালিগঞ্জের বাসিন্দা গোলাম রসুল এবং ইয়াসমিন বেগমের ২ বছর বয়সি সন্তান চাঁনকে হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় তার মৃত্যু হয়।
ডা. সৈয়দা রোখসানা পারভীন বলেন, ‘সকালে ঝিনাইদহের কালিগঞ্জ থেকে ২৩ মাস বয়সি শিশুটি এসেছিল। কিন্তু চরম অপুষ্টিতে ভোগা শিশুটিকে একেবারেই মুমূর্ষু অবস্থায় নিয়ে আসা হয়েছে। এই ২৩ মাসে অনেকগুলো টিকা দেওয়ার কথা থাকলেও তাকে এখনও পর্যন্ত কোনো টিকাই দেওয়া হয়নি। এখানে আসার পর সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চিকিৎসা শুরু করা হয়। কিন্তু দুপুর ২টায় শিশুটির মৃত্যু হয়।’
এর আগে, গত ৯ এপ্রিল দুপুর ১২টা ৩০ মিনিটে ঝিনাইদহ থেকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা ১০ মাসের শিশু শামীমের মৃত্যু হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হামের আইসোলেশন ওয়ার্ডে। মৃত শামীম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিপাড়া বেলদাঙ্গা গ্রামের বাসিন্দা আরিফের ছেলে।