কক্সবাজার: কক্সবাজারে ছোঁয়াচে রোগ হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামে মোট তিন শিশুর মৃত্যু হলো। সর্বশেষ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কক্সবাজার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের ডেডিকেটেড হাম ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, মৃত শিশুটি নয় মাস বয়সি জেসিন। সে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী এলাকার বাসিন্দা নাসিরের মেয়ে। এর আগের দিন একই উপজেলার সাত মাস বয়সি হিরা মনি নামের আরেক শিশুর মৃত্যু হয়। এ ছাড়া, কক্সবাজারে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় ও মৃত্যুর সময় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
কক্সবাজার সদর হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শহিদুল আলম জানান, সর্বশেষ মৃত শিশুটি হামের পাশাপাশি অন্যান্য রোগেও ভুগছিল। তিনি বলেন, ‘এ পর্যন্ত তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অন্তত একজন নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতায় আক্রান্ত ছিল।’
জেলায় আশঙ্কাজনক হারে হামের প্রকোপ বাড়ছে। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের হাম ওয়ার্ডে ৪২ শিশু ভর্তি রয়েছে। এ ছাড়া, কক্সবাজার জেনারেল হাসপাতালে আরও পাঁচ শিশু চিকিৎসাধীন রয়েছে। সবমিলিয়ে দুই হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীর চাপ ক্রমেই বাড়ছে। হাম আক্রান্ত শিশুদের জন্য পৃথক ওয়ার্ড ও আলাদা নার্সিং ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম থাকলেও রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট চিকিৎসকেরা।
কক্সবাজার জেনারেল হাসপাতালের সুপারভাইজার ইরফানুল হক সবুজ জানান, রমজানের মাঝামাঝি সময় থেকে হাম আক্রান্ত শিশু ভর্তি শুরু হয় এবং তা দিন দিন বাড়ছে। বর্তমানে সেখানে পাঁচটি শিশু চিকিৎসাধীন রয়েছে।
এ ছাড়া, জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও হাম আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে বলে জানা গেছে। তবে এর সুনির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়নি।
কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দীন মোহাম্মদ আলমগীর জানান, জেলার মহেশখালী, হোয়াইক্যং, রামুর মিঠাছড়ি, শহরের কালুর দোকান, পাহাড়তলি ও রুমালিয়ারছড়া এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে।
তিনি বলেন, ‘হাম প্রতিরোধে নয় মাস ও ১৫ মাস বয়সে দুই ডোজ টিকা দেওয়া হয়। কক্সবাজারে প্রায় ৯৫ শতাংশ শিশু টিকার আওতায় এসেছে এবং টিকার পর্যাপ্ত মজুত রয়েছে। পাশাপাশি ঘরে ঘরে সচেতনতা প্রচারের কার্যক্রম চালানো হচ্ছে।’