Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে হামের প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগ ৯ মাসের কম বয়সি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৫:১৯

হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা।

যশোর: যশোরে হামের প্রকোপ বাড়ছে। আক্রান্ত শিশুদের মধ্যে অধিকাংশের বয়স ৯ মাসের কম, যা স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি জেলার ৮৯টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ২১টি পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৭ জনের বয়স ৯ মাসের কম এবং বাকিদের বয়স এক বছরের বেশি।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত দুই মাসে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শিশু হাসপাতালে দুই শতাধিক শিশু হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে মার্চ মাসেই অন্তত ১০ শিশু হামে আক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে বসন্ত রোগীর সংখ্যাও বেড়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া, হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ায় আইসোলেশন ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের পাঁচ শয্যার আইসোলেশন ওয়ার্ডে নির্ধারিত শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি থাকায় অনেককে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। শিশু হাসপাতালেও একই চিত্র দেখা গেছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ৯ মাসের কম বয়সি শিশুদের সাধারণত হামের টিকা দেওয়া হয় না। এ বয়সে তারা মায়ের শরীর থেকে পাওয়া রোগপ্রতিরোধ ক্ষমতার ওপর নির্ভর করে। কিন্তু বর্তমানে সেই সুরক্ষা কার্যকরভাবে কাজ করছে না কেন, তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

এদিকে, ৯ মাসের বেশি বয়সি যেসব শিশু আক্রান্ত হয়েছে, তাদের অনেকেই টিকা নেয়নি। কেউ অসুস্থতার কারণে টিকা নিতে পারেনি, আবার কারও ক্ষেত্রে টিকার কার্ড হারিয়ে যাওয়ায় টিকাদান সম্পন্ন হয়নি।

চিকিৎসকদের মতে, হামের প্রধান লক্ষণ হলো উচ্চমাত্রার জ্বর (১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত), তীব্র কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া এবং সারা শরীরে লালচে ফুসকুড়ি। এসব উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জেলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সব সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের জ্বর বা র‌্যাশ দেখা দিলে তাদের স্কুলে না পাঠানো এবং দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা আরও জানিয়েছেন, শিশুদের হামের টিকা সাধারণত ১০ মাস ও ১৫ মাস বয়সে দেওয়া হয়। কিন্তু টিকা নেওয়ার আগেই অনেক শিশু সংক্রমণের ঝুঁকিতে পড়ছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর