Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার প্রস্তুতি নিতে হবে: সালেহউদ্দিন আহমেদ

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১৯:৩২

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ – ছবি : সংগৃহীত

ঢাকা: আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে নতুন ব্যাংকের লাইসেন্স অনুমোদনের ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, প্রয়োজনে সাহসিকতার সঙ্গে নতুন লাইসেন্সের আবেদন নাকচ করার জন্য প্রস্তুত থাকতে হবে।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত ‘রিস্ক কনফারেন্স অন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ২০২৬’-অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সাবেক গভর্নর হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে সালেহউদ্দিন আহমেদ বলেন, দায়িত্ব পালনকালে তিনি বহু নতুন ব্যাংকের লাইসেন্সের প্রস্তাব পেয়েছেন। তবে প্রযুক্তিগত ও নীতিগত বিষয় বিবেচনায় সেগুলো সতর্কতার সঙ্গে পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমানে দুর্বল ব্যাংকগুলো থেকে আমানতকারীরা টাকা তুলতে সমস্যায় পড়ছেন। এই বাস্তবতা নতুন ব্যাংকের লাইসেন্স অনুমোদনের ক্ষেত্রে ‘না’ বলার প্রয়োজনীয়তা স্পষ্ট করে।

আর্থিক অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে প্রযুক্তিনির্ভর সমাধানের ব্যবহার বাড়াতে হবে। একইসঙ্গে তিনি সতর্ক করেন, বেশি সুদের লোভে দুর্বল ব্যাংকে আমানত রাখা ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে এ ধরনের কিছু প্রতিষ্ঠান একীভূত করা হয়েছে বলেও জানান তিনি।

ব্যাংকিং খাতে কমপ্লায়েন্সের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি কঠোরভাবে অনুসরণ করা জরুরি। অর্থনীতি দুর্বল হলে তার প্রভাব পুরো আর্থিক খাতেই পড়ে।

বীমা খাত প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এই খাতটি প্রায়ই প্রতারণামূলক হিসেবে বিবেচিত হয়। এ অবস্থা কাটিয়ে উঠতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

আর্থিক ঝুঁকি কমাতে ঋণ দেওয়ার আগে গ্রাহকের আর্থিক সচেতনতা মূল্যায়নের পরামর্শ দেন তিনি। পাশাপাশি, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালার যথাযথ বাস্তবায়নই টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য বলে উল্লেখ করেন।

সারাবাংলা/এসএ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর