Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ লাখ টাকার বেশি উত্তোলনে লাগবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৩:৩৫ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ১৩:৩৮

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী।

ঢাকা: অসুস্থতা ও জরুরি চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে গ্রাহকদের সহায়তায় নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে কিডনি ডায়ালাইসিসসহ গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য ব্যাংক থেকে বিশেষ বিবেচনায় নগদ অর্থ উত্তোলনের সুযোগ রাখা হয়েছে। তবে সম্মিলিত ইসলামি ব্যাংক থেকে ১০ লাখ টাকার বেশি নগদ তুলতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসাজনিত জরুরি প্রয়োজন প্রমাণসাপেক্ষে স‌ম্মি‌লিত ইসলামি ব্যাংকের গ্রাহকরা ব্যাংক থেকে প্রয়োজনীয় নগদ অর্থ তুলতে পারবেন। এতে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যয় মেটানো সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রতিটি ব্যাংকের প্রশাসকদের নগদ অর্থ প্রদানের ক্ষমতা ১০ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই সীমার মধ্যে থাকলে প্রশাসকরা নিজস্ব বিবেচনায় গ্রাহকদের অর্থ প্রদান করতে পারবেন।

তবে কোনো গ্রাহকের ১০ লাখ টাকার বেশি নগদ প্রয়োজন হলে তাকে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেগুলেশন বিভাগে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী অর্থ ছাড়ের ব্যবস্থা করবে।

এ ছাড়া, বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বড় অঙ্কের অর্থ নেওয়ার ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

অন্যদিকে, বিভিন্ন ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়াও চলমান রয়েছে। আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই শেষে সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হবে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে এ প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছে বলে জানা গেছে।