Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করনীতিতে ‘সমান সুযোগ’ দাবি ফিকি’র

‎স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ২৩:৩৩

ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) আয়োজিত আলোচনা সভা। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশে চলমান অর্থনৈতিক চাপ ও বিভিন্ন খাতে নেতিবাচক প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। সংগঠনটি বলছে, কোভিড-পরবর্তী পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ডলার সংকট ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় ফিকি বিনিয়োগবান্ধব করনীতি প্রণয়ন এবং কর ব্যবস্থায় ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানায়।

আলোচনায় ফিকি সভাপতি রুপালী হক চৌধুরী বলেন, ‘কোভিড-১৯-এর পর থেকেই ব্যবসায় ধস নেমেছে, যা ইউক্রেন যুদ্ধের কারণে আরও তীব্র হয়েছে। ডলারের দাম বৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেক খাতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা দিয়েছে।’

বিজ্ঞাপন

তিনি সতর্ক করে বলেন, ‘এই পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা না করা হলে কর্মসংস্থান সৃষ্টি ব্যাহত হবে এবং ভোক্তা বাজার আরও সংকুচিত হতে পারে।’ একইসঙ্গে তিনি করদাতাদের ওপর অতিরিক্ত চাপ না বাড়ানোর আহ্বান জানান।

ফিকির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল চৌধুরী কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে আয়কর রিটার্নের প্রমাণপত্র (পিএসআর) বিভিন্ন ক্ষেত্রে বাধ্যতামূলক করার প্রস্তাব দেন। পাশাপাশি ভ্যাট রিটার্ন সম্পূর্ণ অনলাইনে করার দাবি জানানো হয়।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, আগামী বছর থেকে হাতে ভ্যাট রিটার্ন নেওয়া হবে না এবং সফটওয়্যার সংক্রান্ত সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা হবে। তিনি আরও বলেন, ‘কর আহরণ বাড়াতে নীতিগত পরিবর্তনের মাধ্যমে করহার সমন্বয় করা হয়।’

এ ছাড়া, ঝুঁকিভিত্তিক (রিস্ক-বেইজড) অডিট কার্যক্রম জোরদার এবং কর অব্যাহতি পারফরম্যান্সভিত্তিক করার প্রস্তাবও উঠে আসে আলোচনায়। সামগ্রিকভাবে, ব্যবসায় নেতিবাচক প্রবৃদ্ধির এই সময়ে কর কাঠামোয় ভারসাম্য ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তারা।

সারাবাংলা/এসএ/পিটিএম
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর