ঢাকা: দেশের বর্তমান অর্থনৈতিক সংকটে বৈদেশিক বাণিজ্যের লেনদেন স্বাভাবিক রাখতে রিজার্ভ থেকে আরও ঋণ চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। রফতানি খাতের উন্নয়ন খাতের ইডিএফ তহবিলের পরিমাণ বাড়ানোর মাধ্যমে এ ঋণ চাওয়া হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এক বৈঠকে এ কথা আহ্বান জানান এফবিসিসিআই নেতারা।
গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর। তিনি বলেন, ইডিএফ তহবিলে আগে ৭ বিলিয়ন ডলার ছিল। বর্তমানে তা ২ দশমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার পর্যাপ্ত সরবরাহ আছে। এরপরও মধ্যপ্রাচ্য সংকটের কারণে যেন ডলারের বাজারে কোনো সংকট তৈরি না হয়, সেজন্য আমরা ইডিএফ তহবিলের পরিমাণ ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার অনুরোধ জানিয়েছি। গভর্নর কথা দিয়েছেন, তিনি ধীরে ধীরে তা বাড়াবেন।
রফতানিকারকদের ঋণ সুবিধা দিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ইডিএফ গঠন করা হয়। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত বিশেষ এ তহবিলের আকার ছিল ৩৫০ কোটি বা সাড়ে তিন বিলিয়ন ডলার। করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর প্রথম দফায় সরকারের নির্দেশে ইডিএফের আকার ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়। এরপর কয়েক দফায় বাড়ানোর পর এর আকার এক সময় ৭ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকে। বর্তমানে এ তহবিলে প্রায় ২৩০ কোটি বা ২ দশমিক ৩ বিলিয়ন ডলার আছে বলে জানা গেছে।
গভর্নরের সঙ্গে বৈঠকে সুদহার কমানো ও একীভূতকরণ প্রক্রিয়ার থাকা ব্যাংকগুলোর আমানতকারীদের যেন স্বার্থ ক্ষুণ্ণ না হয়, সে বিষয়টিও লক্ষ্য রাখার অনুরোধ জানিয়েছে এফবিসিসিআই।