Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গার্ডিয়ান লাইফের সহায়তায় ঋণমুক্ত ২ পরিবার

সারাবাংলা ডেস্ক
৩ এপ্রিল ২০২৬ ১৭:৪৪

ঢাকা: লাইফ ইন্স্যুরেন্স সুবিধার আওতায় ঋণগ্রহীতাদের বকেয়া ঋণ পরিশোধ করে দুই পরিবারকে ঋণমুক্ত করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর সঙ্গে যৌথ উদ্যোগে এই সহায়তা দেওয়া হয়।

বুধবার (১ এপ্রিল) সিলেটের খাদিমনগরের কল্লাগ্রামে অবস্থিত এফআইভিডিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে মৃত দুই ঋণগ্রহীতার পরিবারের সদস্যদের উপস্থিতিতে সংশ্লিষ্ট ঋণের পুরো অর্থ পরিশোধ করে গার্ডিয়ান লাইফ।

চুক্তি অনুযায়ী, এফআইভিডিবি থেকে ঋণ নেওয়া সদস্যরা স্বয়ংক্রিয়ভাবে লাইফ ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় থাকেন। ফলে কোনো ঋণগ্রহীতা ঋণ পরিশোধের আগেই মারা গেলে তার বকেয়া ঋণের দায় বহন করে গার্ডিয়ান লাইফ।

বিজ্ঞাপন

সম্প্রতি এফআইভিডিবি’র দুই সদস্য অঞ্জুয়ে নায়েক ও জাফুরা বেগম যথাক্রমে ৭০ হাজার ও ৬০ হাজার টাকা ঋণ নেন। ঋণ পরিশোধের আগেই চলতি বছরের ৬ ফেব্রুয়ারি জ্বরজনিত কারণে অঞ্জুয়ে নায়েক এবং ৮ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে জাফুরা বেগম মারা যান। পরে তাদের পরিবারের ওপর থাকা ঋণের পুরো অর্থ পরিশোধ করে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দিতিপ্রিয়া রায় চৌধুরী বলেন, প্রতিটি বিমা তাদের কাছে গুরুত্বপূর্ণ। ক্ষতিগ্রস্ত পরিবার যা হারিয়েছে তা পূরণ করা সম্ভব নয়, তবে প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সময়ে বিমা দাবির অর্থ পৌঁছে দেওয়া হয়েছে।

এফআইভিডিবি’র এক্সিকিউটিভ ডিরেক্টর বজলে মোস্তফা রাজী বলেন, সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে এটি কার্যকর সুরক্ষা হিসেবে কাজ করে।

অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ ও এফআইভিডিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উভয় প্রতিষ্ঠান জানায়, ভবিষ্যতেও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর