Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে রেকর্ড, ৪১ লাখ করদাতার অংশগ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৬:১৩ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৮:৪৯

ঢাকা: ২০২৫-২০২৬ করবর্ষে দেশে আয়কর রিটার্ন দাখিলে অনলাইন পদ্ধতির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইতোমধ্যে ৪১ লাখ ৫০ হাজারেরও বেশি করদাতা অনলাইনে তাদের রিটার্ন জমা দিয়েছেন, যা দেশের কর ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

রোববার (২৯ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি করদাতা ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন। কিছু ব্যতিক্রম ছাড়া ব্যক্তিশ্রেণির প্রায় সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ফলে করদাতাদের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে।

বিজ্ঞাপন

চলতি করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে নির্ধারিত সময়ের আগে আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অতিরিক্ত সময় দিতে পারেন। এ প্রক্রিয়াকে সহজ করতে এনবিআর ই-রিটার্ন সিস্টেমে ‘Time Extension’ অপশন চালু করেছে, যার মাধ্যমে করদাতারা অনলাইনে আবেদন করতে পারছেন।

ইতোমধ্যে ৫ হাজারের বেশি করদাতা অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করেছেন এবং বেশিরভাগ আবেদন দ্রুত অনুমোদন পেয়েছে। এনবিআর জানিয়েছে, অনুমোদিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো জরিমানা বা অতিরিক্ত কর দিতে হবে না।

যেসব করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি, তাদের ৩১ মার্চের আগে সময় বৃদ্ধির আবেদন করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় নির্ধারিত সময় পার হলে জরিমানার মুখে পড়তে হতে পারে।

এ ছাড়া, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনের জন্য নিজ নামে বায়োমেট্রিক সিম ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন রিটার্ন দাখিলের সংখ্যা বৃদ্ধি দেশের কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সহজ এবং সময়োপযোগী করে তুলছে। এতে করদাতাদের ভোগান্তি কমার পাশাপাশি সরকারের রাজস্ব আহরণ প্রক্রিয়াও আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর